ইলেকট্রিক গাড়ি কেনায় বাড়ল ঋণ সুবিধা
দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কেনার জন্য ঋণ সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যক্তিগত ঋণের সীমা বৃদ্ধি করেছে। আজ মঙ্গলবার (৫ মে) এই সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন সার্কুলারে বলা হয়, প্রচলিত গাড়ির ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত অটোলোন নিতে পারবেন। তবে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে এ সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে ঋণ ও নিজস্ব বিনিয়োগ অনুপাতে পরিবর্তন আনা হয়েছে। সাধারণ গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ : ৪০ অনুপাতে ঋণ দেওয়া যাবে। অর্থাৎ গাড়ির দামের ৬০ শতাংশ ব্যাংক দেবে, বাকি ৪০ শতাংশ গ্রাহককে দিতে হবে। ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে তা বাড়িয়ে ৮০ : ২০ করা হয়েছে। অর্থাৎ ব্যাংক ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে, গ্রাহককে মাত্র ২০ শতাংশ দিতে হবে।
এতে আরও বলা হয়, এ ছাড়া কোনো ব্যক্তির ওপর ঋণের মোট এক্সপোজার নির্ধারণের ক্ষেত্রে তার নির্ভরশীল সদস্যদের নেওয়া অটোলোন অন্তর্ভুক্ত হবে। ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সীমা বাড়ানো হয়েছে। জামানত ছাড়া একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে যথাযথ জামানত থাকলে ব্যাংকগুলো বেশি ঋণ দিতে পারবে। তবে কোনো অবস্থাতেই তা ৪০ লাখ টাকার বেশি হবে না।
সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলোকে এমনভাবে ভোক্তা ঋণ বিতরণ করতে হবে, যাতে কনজ্যুমার ফাইন্যান্সিং খাতে ঋণের প্রবৃদ্ধি কোনোভাবেই ব্যাংকের মোট ঋণ প্রবৃদ্ধির চেয়ে বেশি না হয়। এর আগে এ সংক্রান্ত যে নির্দেশনা দেওয়া হয়েছিল, নতুন সার্কুলারের মাধ্যমে সেগুলো বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

নিজস্ব প্রতিবেদক