৪ মাসে রপ্তানি আয় ১৭০৪ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
চলতি অর্থবছরের (২০২৬-২৭) প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশের পণ্য রপ্তানির আয় দাঁড়িয়েছে এক হাজার ৭০৪ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল এক হাজার ৬০৮ কোটি ডলার। এ হিসাবে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৯৬ কোটি ডলার, অর্থাৎ ৬ শতাংশ।
আজ রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, রপ্তানি প্রবৃদ্ধিতে প্রধান অবদান রেখেছে তৈরি পোশাক খাত। আলোচ্য সময়ে নিটওয়্যার রপ্তানি সাত শতাংশ বেড়ে ৭৭১ কোটি ডলারে এবং ওভেন পোশাক রপ্তানি চার দশমিক আট শতাংশ বেড়ে ৬০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। মোট রপ্তানিতে এ দুই খাতের সম্মিলিত অংশ প্রায় ৮০ দশমিক চার শতাংশ। সামগ্রিক রপ্তানি বৃদ্ধির প্রায় ৮১ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে।
পোশাকের বাইরেও কয়েকটি পণ্য খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। পাট ও পাটজাত পণ্যে ২৩ দশমিক ৮ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্যে ১২ দশমিক ৭ শতাংশ এবং রাসায়নিক পণ্যে ২৭ দশমিক তিন শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এসব খাতের রপ্তানি যথাক্রমে ৩৮ কোটি ৩০ লাখ, ৪৬ কোটি ৪০ লাখ এবং ১৫ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছেছে। হোম টেক্সটাইল ও পাদুকা রপ্তানিও যথাক্রমে সাত দশমিক চার শতাংশ ও ৯ দশমিক সাত শতাংশ বেড়েছে। তবে কৃষিপণ্য, হিমায়িত ও জীবন্ত মাছ এবং তুলা ও তুলাজাত পণ্যের রপ্তানি যথাক্রমে ১৩ দশমিক পাঁচ শতাংশ, ১০ দশমিক ৯ শতাংশ ও ১০ দশমিক দুই শতাংশ কমেছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, সামগ্রিকভাবে রপ্তানির ইতিবাচক প্রবৃদ্ধির পাশাপাশি পোশাকবহির্ভূত কয়েকটি খাতের সম্প্রসারণ সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এ ধারা ধরে রাখতে পণ্যের মান ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, নতুন বাজার সম্প্রসারণ এবং পিছিয়ে থাকা খাতগুলোর প্রতিবন্ধকতা চিহ্নিত করে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক