বেনাপোল বন্দরে দুই দিন বন্ধ আমদানি-রপ্তানি
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা দুই দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও এই সময়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বড়দিন এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বাংলাদেশে সরকারি ছুটি। এই কারণে বেনাপোল বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না এবং কাস্টমস ও বন্দরের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ভারতীয় পণ্য খালাস করে ট্রাকগুলো নিজ দেশে ফিরে যেতে পারবে। আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় যথারীতি এ বন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, বন্দরে বাণিজ্য বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্য সব সময়ের মতোই স্বাভাবিক থাকবে। এতে কোনো ধরনের বাধা নেই।

মহসিন মিলন, বেনাপোল