পহেলা বৈশাখে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
পহেলা বৈশাখ উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সকল প্রকার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। নববর্ষের সরকারি ছুটি থাকায় আজ সারাদিন কাস্টমস ও বন্দরের পণ্য খালাসসহ অভ্যন্তরীণ সকল কার্যক্রমও স্থগিত থাকবে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পণ্য আনা-নেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য সময়ের মতোই স্বাভাবিক রয়েছে। আগামীকাল বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম শুরু হবে।
বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ জানান, নববর্ষের সরকারি ছুটির বিষয়টি ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকেও আগেই জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার একদিন কার্যক্রম বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে পুনরায় কর্মচাঞ্চল্য ফিরবে বন্দরে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী বলেন, সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ খোলা রয়েছে। ফলে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে না।

মহসিন মিলন, বেনাপোল