মালয়েশিয়ায় আন্তর্জাতিক ‘সারাওয়াক ট্রেড ফেয়ার’-এ প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব
মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের ঐতিহাসিক কুচিং শহরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘সারাওয়াক ট্রেড ফেয়ার (এসটিএফ) ২০২৬’ এবং ‘পাদা ওয়ান ডিসকভারি ফেস্টিভ্যাল ২০২৬’। আন্তর্জাতিক মর্যাদার এই মেলায় প্রথমবারের মতো অংশ নিয়ে সক্রিয় প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ।
আজ শুক্রবার (২ অক্টোবর) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী (২-৪ অক্টোবর) এ আন্তর্জাতিক বাণিজ্য ও সাংস্কৃতিক প্রদর্শনীতে স্বাগতিক মালয়েশিয়াসহ বাংলাদেশ, চীন, সিঙ্গাপুর, ব্রুনাই, ইন্দোনেশিয়ার প্রায় ৮০টি খ্যাতনামা প্রতিষ্ঠান ও উদ্যোক্তা তাদের উদ্ভাবনী পণ্য ও বৈচিত্র্যময় সেবা প্রদর্শন করছেন।
মেলার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারাওয়াকের ডেপুটি প্রিমিয়ার এবং জনস্বাস্থ্য, গৃহায়ন ও স্থানীয় সরকার মন্ত্রী অধ্যাপক ড. সিম কুই হিয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সারাওয়াক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (এসএমএ) সভাপতি পিটার চাই মুই সেং এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন পাদা ওয়ান মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান কাউন্সিলর তান কাই।
আন্তর্জাতিক এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত প্রতিনিধিরা বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘পিনাকল এসডিএন বিএইচডি’-এর প্রদর্শনীবুথগুলো ঘুরে দেখেন।
বাংলাদেশি স্টলগুলো পরিদর্শনের সময় ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা বলেন, সারাওয়াক অঞ্চলের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন খাতের বিকাশ এবং দুই দেশের জনগণের মধ্যে নিবিড় সেতু গড়ে তুলতে বাংলাদেশ সবসময় আগ্রহী। আন্তর্জাতিক এ মেলায় অংশ নেওয়ার মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশের বাণিজ্যিক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া