ইউরোনেক্সট ব্রাসেলসের চেয়ারম্যানকে ডিএসই পরিদর্শনের আহ্বান
বেলজিয়ামের ইউরোনেক্সট ব্রাসেলসের চেয়ারম্যান মি. বিনসেন্ট ভেন ড্যাসেলকে পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনের আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু। একই সাথে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন তিনি।
ডিএসই চেয়ারম্যানের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পুঁজিবাজার বেলজিয়ামের ইউরোনেক্সট ব্রাসেলসের চেয়ারম্যান মি. বিনসেন্ট ভেন ড্যাসেলের সাথে বৈঠকে তিনি এ আহবান জানান।
বৈঠকে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু বাংলাদেশের উদীয়মান অর্থনীতি, সরকারের বহুবিদ উন্নয়ন পরিকল্পনা, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ এবং বাংলাদেশের পুঁজিবাজারের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া ড. হাসান বাবু প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ সুবিধা সম্পর্কে অবহিত করেন।
বৈঠকে ড. হাসান বাবু বলেন, বাংলাদেশের পুঁজিবাজার একটি উদীয়মান পুঁজিবাজার। ডিএসইর বাজার মূলধন প্রায় ৮০ বিলিয়ন ডলার। বাংলাদেশে বিনিয়োগের জন্য পুঁজিবাজার হলো অন্যতম প্রধান খাত। এছাড়া বাংলাদেশে উদ্ভাবনী প্রকল্পসমূহ এবং স্মার্ট বাংলাদেশের সাথে সঙ্গতিপূর্ণ প্রকল্প সমূহে বিনিয়োগ করা যেতে পারে। আগামীতে স্মার্ট বাংলাদেশ বাস্তাবায়নের সাথে একটি গতিশীল পুঁজিবাজার পাব বলে আমরা আশাবাদী।
যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরে ড. হাসান বাবু ডিএসই ও বেলজিয়ামের ইউরোনেক্সট ব্রাসেলস পারস্পরিক সহযোগিতা বিষয়ক একটা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আলোচনা করেন। একই সাথে ড. হাসান বাবু বেলজিয়ামের ইউরোনেক্সট ব্রাসেলসের চেয়ারম্যানকে তাঁর সুবিধামতো সময়ে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিদর্শনের আহ্বান জানান।
এছাড়া ডিএসইর প্রতিনিধিদল প্রবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন এবং বেলজিয়ামের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সরকারের বিনিয়োগবান্ধব নীতি, পুঁজিবাজার ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরবেন।
প্রতিনিধিদলে ছিলেন মধ্যে ডিএসইর পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, মো. শাকিল রিজভী, শরিফ আনোয়ার হোসেন, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্ত্বিক আহমদ শাহ, সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক