মানিকগঞ্জে সিআরপির সড়কের বেহালদশা, দুর্ভোগে প্রতিবন্ধীরা
একটি সড়ক, যার ওপর নির্ভর করে প্রতিবন্ধী ব্যক্তি ও অসুস্থ শিশুদের চিকিৎসাকেন্দ্রে যাতায়াত। অথচ সেই সড়কই এখন তাদের দুর্ভোগের কারণ। ভাঙাচোরা, উঁচু-নিচু পথ পেরিয়ে হুইলচেয়ার নিয়ে চলাচল করা কঠিন। সামান্য বৃষ্টিতেই জমে পানি, ব্যহত হয় যান চলাচল।
মানিকগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও প্রশিক্ষণকেন্দ্র সিআরপি অভিমুখী সড়কটির এমন দুরবস্থায় চরম ভোগান্তিতে পড়ছে রোগী, শিশু, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
প্রায় এক বছরের বেশি সময় ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকলেও শেষ হয়নি কার্পেটিংয়ের কাজ। অথচ সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণের জন্য প্রায় ৯৮ লাখ ৩৫ হাজার টাকা চুক্তিমূল্যের দুটি প্যাকেজ রয়েছে। ড্রেন নির্মাণের কাজ শেষ হলেও সড়কের মূল সংস্কারকাজ আটকে আছে কারিগরি জটিলতা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায়। ফলে গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা ও পুনর্বাসনকেন্দ্রে যাতায়াতের পথ নিয়ে দুর্ভোগের শেষ দেখছেন না ভুক্তভোগীরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির বেহাল অবস্থার কারণে জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছে। বৃষ্টির সময় কোথাও কোথাও চলাচল প্রায় অসম্ভব হয়ে যায়। রিকশাসহ অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় ভোগান্তিতে পড়ছে আশপাশের কয়েক শ পরিবারের সদস্যরা। শান্তনু রায় সরণি ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, তিন বছরেরও বেশি সময় ধরে তারা জলাবদ্ধতা ও ভাঙা সড়কের সমস্যায় ভুগছে।
তবে সবচেয়ে বেশি বিপাকে সিআরপিতে চিকিৎসা ও থেরাপি নিতে আসা প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুরা। হুইলচেয়ার ও ক্র্যাচ ব্যবহারকারীদের জন্য সড়কটি কার্যত বাধা হয়ে দাঁড়িয়েছে। অসুস্থ শিশুদের নিয়ে অভিভাবকদের রিকশায় যাতায়াত করতে হচ্ছে চরম ঝুঁকি ও কষ্টের মধ্যে। অনেক সময় রোগীকে কোলে বহন করে মূল সড়কে নিতে হয় বলেও জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, প্রায় ১১ থেকে ১২ মাস ধরে সড়কটির এমন অবস্থা। এলাকায় তিনশ থেকে চারশ বাড়ি রয়েছে। সড়কের কারণে সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি, শিশু ও তাদের মায়েদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দায়িত্বশীল ব্যক্তিদের ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
হুইলচেয়ার ব্যবহারকারী জুবায়ের আহমেদ বলেন, এই সড়ক দিয়ে হুইলচেয়ার নিয়ে চলাচল করা যায় না। সাধারণ মানুষও ভোগান্তিতে পড়ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের জন্য এটিই একমাত্র পথ হওয়ায় দ্রুত সড়কটি সংস্কার করা জরুরি।
স্থানীয় বাসিন্দা দীপক কুমার ঘোষ বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কের দুরবস্থায় সাধারণ মানুষের পাশাপাশি সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে প্রতিবন্ধী ব্যক্তি ও চিকিৎসা নিতে আসা শিশুরা। দীর্ঘদিন ধরে দুর্ভোগ চললেও সড়কটি এখনও স্বাভাবিক চলাচলের উপযোগী হয়নি।
সিআরপি মানিকগঞ্জের ভারপ্রাপ্ত কেন্দ্র ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুল ইসলাম জানান, তাদের কেন্দ্রে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৬০ থেকে ৭০ জন প্রতিবন্ধী প্রশিক্ষণার্থী আবাসিকভাবে কারিগরি প্রশিক্ষণ নেন। সড়কের বেহাল অবস্থার কারণে তাদের চলাচল, মসজিদে যাওয়া ও প্রয়োজনীয় কেনাকাটায় সমস্যা হচ্ছে।
মাহবুবুল ইসলাম বলেন, সিআরপিতে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি ও স্পিচ থেরাপি সেবা দেওয়া হয়। মানিকগঞ্জ ও আশপাশের এলাকা থেকে প্রতিদিন শতাধিক মানুষ প্রতিবন্ধী সন্তান ও রোগীদের নিয়ে এখানে আসে। তাদের অনেকেই শারীরিক ব্যথা নিয়ে থেরাপি নিতে আসে। ভাঙাচোরা সড়কে যাতায়াত তাদের কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান তিনি।
পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে আইইউজিআইপি প্রকল্পের আওতায় সড়কটির উন্নয়নকাজের দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান এম এ ইঞ্জিনিয়ারিং-মোস্তাফিজুর রহমান জেভির অধীনে থাকা কাজের মধ্যে ড্রেন নির্মাণ শেষ হয়েছে। তবে এখনও বাকি রয়েছে সড়কের কার্পেটিং।
মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, বিদ্যমান ড্রেন ও স্লাবের কারণে সড়কে প্রয়োজনীয় কম্পেকশন করার মতো পর্যাপ্ত জায়গা নেই। এ অবস্থায় প্রচলিত পদ্ধতিতে কার্পেটিং করা সম্ভব হচ্ছে না। বিকল্প হিসেবে আরসিসি অথবা ব্লক দিয়ে সড়ক নির্মাণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
নির্বাহী প্রকৌশলী বলেন, কী পদ্ধতিতে কাজটি সম্পন্ন করা হবে, সে বিষয়ে প্রকল্প পরিচালকের (পিডি) দপ্তরে সিদ্ধান্ত চাওয়া হয়েছে। প্রকল্প পরিচালক প্রশিক্ষণে বাইরে থাকায় সিদ্ধান্ত পাওয়া যায়নি। তিনি ফিরে এসে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন দিলে কাজ শুরু করা সম্ভব হবে। এ পর্যায়ে নতুন করে এস্টিমেট অনুমোদনের প্রয়োজন নেই বলেও জানান তিনি।
দীর্ঘদিনের জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে পৌরসভার এই কর্মকর্তা বলেন, কাজটি দ্রুত শেষ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর দ্রুত কাজ শুরুর ব্যবস্থা নেওয়া হবে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ