নির্বাচনী ইশতেহার অনুযায়ী পৌর শিশু পার্ক সংস্কার করা হয়েছে : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, মানিকগঞ্জে শিশুদের নির্মল বিনোদনের জন্য পর্যাপ্ত পার্ক ছিল না এবং একমাত্র মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্কটিও দীর্ঘ চার বছর অবহেলা ও অযত্নে পড়েছিল। পার্কটি সংস্কারের বিষয়টি নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত ছিল। বিজয়ের মাস আসার আগেই এটিকে শিশু-কিশোরদের ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে পেরে আনন্দিত।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় শহরের শহীদ রফিক সড়কসংলগ্ন সংস্কারকৃত মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্কের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
দীর্ঘ চার বছরের নীরবতা ভেঙে পার্কটি পুনরায় চালু হওয়ায় মানিকগঞ্জ শহরের শিশু-কিশোরদের বিনোদনের নতুন সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি পরিবার নিয়ে অবসর সময় কাটানোর জন্যও তৈরি হয়েছে একটি মনোরম পরিবেশ। পার্কটি নিয়মিত পরিচর্যা ও যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে সব সময় সচল রাখার প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পার্ক উদ্বোধনের পর খাদ্যমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সার্বিক উন্নয়নবিষয়ক এক সমন্বয় সভায় যোগ দেন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ