গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ
মানিকগঞ্জের ঘিওরে দাম্পত্য কলহের জেরে উর্মি আক্তার (২২) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সজীব মিয়ার (৩০) বিরুদ্ধে। স্ত্রীকে আঘাত করার পর নিজের গলায়ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বর্তমানে সজীব মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (২১ নভেম্বর) রাতে ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামে উর্মির বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে সাটুরিয়া উপজেলার বাসিন্দা সজীব মিয়ার সঙ্গে উর্মি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে সজীব স্ত্রীকে নিয়ে বালিয়াখোড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।
এরই ধারাবাহিকতায় শনিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সজীব ধারালো অস্ত্র দিয়ে উর্মিকে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি নিজের গলায়ও আঘাত করেন। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজীবকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জে পাঠানো হয়।
ঘিওর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উর্মির মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার স্বামীকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ