হাঁস-সবজি চাষে স্বাবলম্বী হচ্ছেন উপকূলের নারীরা
একসময় সংসারের কাজেই সীমাবদ্ধ ছিল উপকূলের অধিকাংশ নারীর জীবন। পরিবারের পুরুষ সদস্যদের আয়ের ওপর নির্ভর করেই চলত তাদের সংসার। তবে সময় বদলেছে। এখন বাড়ির আঙিনায় সবজি চাষ ও হাস পালনের মাধ্যমে নিজেরাই উপার্জনের পথ তৈরি করছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উপকূলীয় এলাকার অসহায় ও দুস্থ নারীরা। এতে একদিকে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে বাড়ছে বাড়তি আয়। তাদের এই উদ্যোগে তৈরি হচ্ছে স্বাবলম্বী হওয়ার নতুন সম্ভাবনা।
কলাপাড়ার চম্পাপুর গ্রামের বিধবা হাসিনা বেগম তাদেরই একজন। স্বামীকে হারানোর পর সংসারের দায়িত্ব সামলাতে হিমশিম খেতে হয়েছে তাকে। তবে এখন বাড়ির আঙিনায় সবজি চাষ ও খাকি ক্যাম্বেল জাতের হাঁস পালন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। বসতভিটায় গড়ে তুলেছেন ছোট সবজি বাগান। উৎপাদিত সবজি দিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করেও আয় করছেন তিনি।
হাসিনা বেগম বলেন, আগে সংসার চালাতে অনেক কষ্ট হতো। এখন সবজির বীজ ও হাঁস পেয়ে বাড়িতেই কাজ করার সুযোগ হয়েছে। নিজের পরিবারের জন্য সবজি পাচ্ছেন, বাড়তি সবজি বিক্রি করেও আয় হচ্ছে। হাঁসগুলো ডিম দেওয়া শুরু করলে সংসারে আয় আরও বাড়বে বলে আশা করছেন তিনি।
হাসিনা বেগমের মতো অনেক নারীই এখন হাঁস পালন ও সবজি চাষে আগ্রহী হচ্ছেন। তাদের এই উদ্যোগে সহায়তা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। সংস্থাটির ‘অ্যাসিস্ট্যান্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ (এএসডি) প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলার চম্পাপুর ও চাকামইয়া ইউনিয়নের আটটি গ্রামের ২৪৪টি অসহায় পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর মধ্যে চম্পাপুর ইউনিয়নের উত্তর মাছুয়াখালী, উত্তর পূর্ব মাছুয়াখালী, দক্ষিণ মাছুয়াখালী ও পশ্চিম চালিতাবুনিয়া গ্রামের ১২৪টি এবং চাকামইয়া ইউনিয়নের মধ্য নিশানবাড়ীয়া, পূর্ব চাকামইয়া, গারীবুনিয়া ও বেতমোর গ্রামের ১২০টি পরিবার রয়েছে।
প্রকল্পের আওতায় প্রত্যেক সুবিধাভোগী পরিবারকে ১২টি করে খাকি ক্যাম্বেল হাঁস দেওয়া হয়েছে। পাশাপাশি বছরে দুইবার মৌসুমভিত্তিক ১৫ থেকে ১৬ প্রকার উন্নত জাতের সবজি বীজ, কীটনাশক ফাঁদ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। হাঁস পালন ও সবজি চাষের পাশাপাশি নারীদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রশিক্ষণ।
ইতোমধ্যে অনেক সুবিধাভোগীর হাঁস ডিম দিতে শুরু করেছে। কেউ ডিম বিক্রি করে আয় করছেন, আবার কেউ ডিম ফুটিয়ে বাচ্চা বড় করে বিক্রি করছেন। এমনকি হাঁস পালন থেকে পাওয়া অর্থ দিয়ে কেউ কেউ নিজেরাই আরও হাঁস কিনেছেন।
সুবিধাভোগী নিলুফা বেগম বলেন, হাঁস পাওয়ার পর থেকে নতুন করে আয় করার আগ্রহ তৈরি হয়েছে। ডিম বিক্রির মাধ্যমে আয় হচ্ছে। ভবিষ্যতে হাঁসের সংখ্যা বাড়িয়ে আরও বেশি আয় করতে চান তিনি।
আরেক সুবিধাভোগী পুষ্প বেগম বলেন, আগে বাড়ির আঙিনা অব্যবহৃত পড়ে থাকত। এখন সেখানে সবজি চাষ করছেন। এতে পরিবারের সবজির চাহিদা পূরণের পাশাপাশি বাজার থেকে সবজি কেনার খরচও কমেছে। বাড়তি সবজি বিক্রি করে সংসারের খরচ মেটাতেও সুবিধা হচ্ছে।
তবে উপকূলীয় এলাকায় সবজি চাষের বড় বাধা মাটির লবণাক্ততা। এ সমস্যা মোকাবিলায় নারীদের বেড পদ্ধতিতে চাষ, জৈব সার ব্যবহার, উপযোগী বীজ নির্বাচন ও গাছের পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারাও এ কাজে সহযোগিতা করছেন।
কলাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিমা আক্তার বলেন, উপকূলীয় অঞ্চলে মাটির লবণাক্ততা সবজি উৎপাদনের ক্ষেত্রে বড় সমস্যা। তবে সঠিক পদ্ধতিতে চাষাবাদ, জৈব সার ব্যবহার ও উপযোগী জাতের বীজ নির্বাচন করলে বাড়ির আঙিনায় ভালো সবজি উৎপাদন সম্ভব। এতে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে।
অন্যদিকে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় হাঁসের খাবার, বাসস্থান, রোগ প্রতিরোধ ও পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিতরণের আগে হাঁসের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে।
ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, উপকূলীয় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। নারীরা বাড়িতে থেকেই সবজি চাষ ও হাঁস পালনের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আয় করতে পারছেন। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা কাজে লাগিয়ে তারা দীর্ঘমেয়াদে আরও লাভবান হবেন বলে আশা করছেন।
শহীদুল ইসলামের ব্যবস্থাপনায় ফিল্ড ফ্যাসিলিটেটর আব্দুল মান্নান ও প্রজেক্ট অফিসার গোলাম সারওয়ারের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

কাজল বরণ দাস, পটুয়াখালী