ঘণ্টায় ৫ জন নারী স্বজনদের হাতে খুন : জাতিসংঘ
২০২৫ সালে বিশ্বজুড়ে ৪৭ হাজারেরও বেশি নারী ও মেয়েশিশু, অর্থাৎ প্রতি ঘণ্টায় প্রায় পাঁচজন তাদের স্বজনদের হাতে নিহত হয়েছেন। আগের বছরগুলোর তুলনায় এই সংখ্যায় বড় কোনো পরিবর্তন আসেনি। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। খবর জিও নিউজের।
জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন’ এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) প্রাক্কলন অনুযায়ী, গত কয়েক বছরে ঘনিষ্ঠ ব্যক্তি (স্বামী অথবা সঙ্গী) কিংবা পরিবারের সদস্যদের হাতে নিহত নারী ও মেয়েশিশুর সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ওঠা-নামা করেছে।
‘নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস’ সামনে রেখে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, গত বছর হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৭৮ হাজার নারী ও মেয়েশিশু। এর মধ্যে প্রায় ৬০ শতাংশই তাদের ঘনিষ্ঠজন (স্বামী বা সঙ্গী) অথবা পরিবারের সদস্যদের হাতে।
এই ৪৭ হাজার ভুক্তভোগীর হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও মেয়েশিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ১২২টি দেশ ও অঞ্চলের পরিসংখ্যান বিশ্লেষণ করে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
২০২৫ সালে বিশ্বজুড়ে মোট হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে ১৯ শতাংশ ছিলেন নারী, যার ৬০ শতাংশই নিহত হয়েছেন ব্যক্তিগত বা পারিবারিক পরিসরে। এক্ষেত্রে পুরুষ ভুক্তভোগীদের হার ছিল ১১ শতাংশ।
জাতিসংঘ জোর দিয়ে বলেছে, ‘পারিবারিক সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে কেবল ঘনিষ্ঠজনের (স্বামী বা সঙ্গী) সঙ্গে সম্পর্কের বিষয়টিই নয়, বরং বৃহত্তর পারিবারিক কাঠামোর মধ্যকার সম্পর্কগুলোকেও বিবেচনায় নেওয়া অত্যন্ত জরুরি।’
বিশ্বের কোনো অঞ্চলই পুরোপুরি নিরাপদ নয়; তবে আফ্রিকা মহাদেশে ঘনিষ্ঠজন বা পরিবারের সদস্যদের হাতে নারী ও মেয়েশিশু হত্যার সংখ্যা সবচেয়ে বেশি, ২২ হাজার ১০০ জন। এর পরেই রয়েছে এশিয়া (১৫ হাজার ১০০ জন), এরপর আমেরিকা অঞ্চল (৭ হাজার ৪০০ জন), ইউরোপ (২ হাজার ১০০ জন) এবং ওশেনিয়া অঞ্চল (৩০০ জন)।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের হত্যার হার অনেক ধীরগতিতে কমেছে, বিশেষ করে আমেরিকা ও ইউরোপ অঞ্চলে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, এ পরিসংখ্যান ইঙ্গিত দেয়—এই অপরাধগুলো সামাজিক প্রথা এবং লিঙ্গভিত্তিক গৎবাঁধা ধারণার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এ ছাড়া এটি বিচার ব্যবস্থায় প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলোও তুলে ধরে।
প্রতিবেদনে আরও বলা হয়, ব্যক্তিগত পরিসরের বাইরে সংঘটিত নারী হত্যাকাণ্ডের তথ্য পাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত। এর ফলে আঞ্চলিক বা বৈশ্বিক পর্যায়ে এই সমস্যার ব্যাপকতা পরিমাপ করা অসম্ভব হয়ে পড়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক