বাড়তি খরচে হাওরের কৃষকের কপালে চিন্তার ভাঁজ
চারদিকে বিস্তীর্ণ হাওর। মাঠজুড়ে বোরো ধান চাষের প্রস্তুতি। কেউ জমি তৈরি করছেন, কেউ ব্যস্ত বীজতলা তৈরিতে। বছরের প্রধান ফসল ঘরে তোলার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন কৃষক। তবে সেই স্বপ্নের সঙ্গে মিশেছে দুশ্চিন্তাও। কারণ, সার, বীজ, ডিজেল, কীটনাশক থেকে শুরু করে শ্রমিকের মজুরি- সবকিছুর দাম বেড়েছে। ফলে বাড়ছে ধান চাষের খরচ। এত টাকা খরচ করে ফসল ফলানোর পর ন্যায্যমূল্য পাওয়া যাবে কি না, তা নিয়েও চিন্তায় রয়েছেন তারা।
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলার হাজারো কৃষকের জীবিকা বোরো ধানের ওপর নির্ভরশীল। বছরের এই একটি ফসলের আয় দিয়েই চলে অনেক পরিবারের সারা বছরের সংসার। কিন্তু গত মৌসুমে অতিবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় ক্ষতির পাশাপাশি ধানের দাম কম থাকায় লোকসান গুনতে হয়েছে অনেককে। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন মৌসুমে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা আরও বেড়েছে।
ইটনার বলদা হাওরের কৃষক রুবেল মিয়া বলেন, ধান চাষের শুরুতেই জমি তৈরি, ডিজেল, সার, বীজ ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ হচ্ছে। সবকিছুর দাম বাড়লেও ধানের দাম সেই তুলনায় বাড়ছে না। গত বছরও ধান চাষ করে ভালো লাভ হয়নি। বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে, আবার বাজারেও ধানের দাম কম ছিল। এবার সার, বীজ, তেল ও শ্রমিকের খরচ বেড়েছে। এত টাকা খরচ করে শেষ পর্যন্ত লাভ না হলে কৃষকের পক্ষে টিকে থাকা কঠিন।
একই চিন্তা মিঠামইনের গোপদিঘী হাওরের কৃষক আমিরের। তিনি বলেন, বোরো ধানই তাদের পরিবারের সারা বছরের প্রধান ভরসা। কিন্তু উৎপাদন খরচ যেভাবে বাড়ছে, তাতে চাষাবাদ করে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। ডিজেলের দাম, শ্রমিকের মজুরি, সার ও কীটনাশকের খরচ- সবই বেড়েছে। ধান বিক্রির সময় ন্যায্যমূল্য না পেলে ধারদেনা করে চাষাবাদ করতে হবে। এতে ঋণের বোঝা আরও বাড়বে।
অষ্টগ্রামের ভাতশালা হাওরের কৃষক কুদ্দুস আলীর অভিযোগ, উৎপাদন খরচ বাড়লেও সরকারি কৃষি প্রণোদনা থেকে অনেক প্রকৃত কৃষক বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, যারা মাঠে চাষাবাদ করেন, তাদের অনেকেই প্রণোদনা পান না। তালিকায় কারা থাকেন, কীভাবে তাদের নির্বাচন করা হয়, সেটিও অনেকের জানা নেই। সরকার প্রকৃত কৃষকদের সহযোগিতা এবং ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করলে কৃষকেরা উপকৃত হবেন।
হাওরে বোরো ধান চাষে বড় খরচ হয় জমি তৈরি ও সেচের কাজে। ডিজেলের দাম বাড়ায় সেচের খরচও বেড়েছে। এর সঙ্গে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি যোগ হয়ে বাড়ছে চাষের মোট ব্যয়। আবার অনেক এলাকায় শ্রমিক সংকট থাকায় বেশি মজুরি দিয়েও সময়মতো শ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়ছে।
কৃষকদের আশঙ্কা, এত টাকা খরচ করে ধান ফলানোর পর বাজারে ন্যায্যমূল্য না পেলে লাভের বদলে লোকসান গুনতে হবে। তাই উৎপাদন খরচ কমাতে সার, বীজ, ডিজেল ও কীটনাশকের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং প্রকৃত ও প্রান্তিক কৃষকদের কাছে সরকারি প্রণোদনা পৌঁছে দেওয়ারও দাবি তাদের।
কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে হাওরের ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইন- এই তিন উপজেলায় প্রায় ৬৭ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তবে কৃষি কর্মকর্তারা বলছেন, প্রণোদনার বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম হওয়ায় সব কৃষককে এই সহায়তার আওতায় আনা সম্ভব হচ্ছে না। সীমিত বরাদ্দের মধ্যেই কৃষকদের প্রয়োজন বিবেচনা করে প্রণোদনার তালিকা তৈরি করা হচ্ছে।
ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার বলেন, প্রণোদনার বরাদ্দ তুলনামূলক কম হওয়ায় সবাইকে সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ এবং বড় কৃষকদের প্রয়োজন বিবেচনায় নিয়ে প্রণোদনা দেওয়া হচ্ছে।
তবে কৃষকদের অভিযোগ, প্রণোদনার সুবিধা প্রকৃত ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের অনেকেই পাচ্ছেন না। ফলে বাড়তি উৎপাদন খরচের চাপ নিয়ে নতুন মৌসুমে চাষাবাদ চালিয়ে যাওয়া নিয়েও শঙ্কায় রয়েছেন তারা।

মোজাহিদ সরকার, কিশোরগঞ্জ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা)