১০ হাজার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ৯ হাজার ৭৬০টি ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ নভেম্বর) দুপুরে সরাইল ব্যাটেলিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ সরাইল ব্যাটেলিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার (২০ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে বিজয়নগর উপজেলার কামালমোড়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২০০৭/৭-এর প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় ১৫ থেকে ২০ জন ব্যক্তি মাথায় কার্টন নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসছিলেন। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা কার্টন ফেলে দৌড়ে পালিয়ে যান।
পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া কার্টনগুলো তল্লাশি করে ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ৯ হাজার ৭৬০টি ডিসপ্লে উদ্ধার করেন। জব্দ করা মালামালসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া