আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপির মোটরসাইকেল শোডাউন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য প্রতিরোধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সমু মার্কেট এলাকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম ও রূপগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভূঁইয়ার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল শেষে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোটরসাইকেল শোডাউন করেন নেতাকর্মীরা।
এ সময় আবু মোহাম্মদ মাসুম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজের অপকর্মের কারণে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন আবারও দেশকে অস্থিতিশীল করতে অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিচ্ছে আওয়ামী লীগ। তাদের নৈরাজ্য প্রতিরোধে রূপগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ নেতাকর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন।
শামীম ভূঁইয়া বলেন, নৈরাজ্য ও দেশ ধ্বংসের রাজনীতি করে জনগণের সমর্থন পাওয়া যায় না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পাশে থাকাই রাজনীতির মূল লক্ষ্য। রূপগঞ্জে বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় রয়েছেন। কোনো নাশকতাকারীকে পাওয়া গেলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)