পৈশাচিক নির্যাতনে রাজু মোল্লাকে নির্মমভাবে হত্যা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
বিদেশে বসে নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতারা তাদের টোকাইদের দিয়ে পৈশাচিক নির্যাতনে রাজু মোল্লাকে নির্মমভাবে হত্যা করেছে। এই চিহ্নিত চক্র খুন-খারাবি ও সহিংসতার মাধ্যমে দেশে ক্রমাগত অস্থিরতা এবং অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নিহত নেতা রাজু মোল্লার জানাজাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মহাসচিব এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা অন্যের আশ্রয়ে থেকে এবং অন্যের খাবার খেয়ে নিজের দেশের মধ্যে সন্ত্রাস করে—তাদের এই কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। অন্যের পদতলে ক্রীতদাস থেকে হুকুম দিয়ে এ দেশের মানুষকে হত্যা করছেন—আল্লাহ আপনাদের ক্ষমা করবে না। ধৈর্যের একটি সীমা আছে। আপনারা সেই সীমা লঙ্ঘন করবেন না।
এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও কাপুরুষোচিত বলে আখ্যায়িত করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশকে অস্থিতিশীল করার এই গভীর ষড়যন্ত্র রুখতে কঠোর অবস্থান নেওয়ার কোনো বিকল্প নেই। সরকার ও জনগণকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে হবে।
এ সময় ভারপ্রাপ্ত মহাসচিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা এসব হামলা চালাতে আসবে তাদের বিষ দাঁত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। কী অপরাধ ছিল রাজুর যে আজকে দুনিয়া থেকে তাকে চলে যেতে হলো। নিক্সন চৌধুরী এই খুন করেছেন। আর তার মদদদাতা তাদের পলায়নকারী নেত্রী।
রাজুর বাবা আক্তার মোল্লা বলেন, আমার সন্তানকে ভাঙ্গার সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর হুকুমে খুন করা হয়েছে। এই খুনের জন্য তাকে আমরা কোন দিন ক্ষমা করব না। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই খুনের বিচার দাবি করছি।
এ সময় নিহত রাজুর পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
পরে ভারপ্রাপ্ত মহাসচিব রাজু মোল্লার জানাজায় অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, রাজুর বাবা আক্তার মোল্লা, মাতা, স্ত্রী ও দুই সন্তানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
এদিকে ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনার ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও থানায় কোনো মামলা হয়নি।

সঞ্জিব দাস, ফরিদপুর