গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পরদিন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বুধবারও উপজেলার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। তবে গোপালগঞ্জ জেলা শহরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরের দোকানপাট খোলা এবং যান চলাচলও স্বাভাবিক দেখা গেছে।
নিরাপত্তাজনিত কারণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে নির্ধারিত সব পরীক্ষাও।
পাশাপাশি গোপালগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা বাতিল করে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ২১ প্লাটুন বিজিবির পাশাপাশি আট প্লাটুন আনসার সদস্যও মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও পুরো জেলায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
এর আগে মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া উপজেলায় ব্যাপক সহিংসতা হয়। এ সময় একটি থানায় হামলা চালানোর পাশাপাশি পুলিশের বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি ও আশপাশের অন্তত ২০টি বাড়িতে আগুন দেওয়া হয়।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)