যৌথ বাহিনীর তৎপরতায় গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গতকাল রোববারের সহিংসতা ও অস্থিরতার পর যৌথ বাহিনীর তৎপরতায় আজ সোমবার (১৬ নভেম্বর) সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সকাল থেকেই জেলার সব সরকারি-বেসরকারি অফিস-আদালত এবং দোকানপাট যথা নিয়মে খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলা শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে এবং যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
গতকাল রোববার দিনভর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলায় বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপিনেতাদের বাড়িঘর ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়াসহ বিভিন্ন তাণ্ডব চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় বিজিবি মোতায়েন করা হয়।
এদিকে, উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে গতকাল রাতে জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বদলি করা কর্মকর্তারা হলেন— টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাদের সবাইকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। এর আগে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবিবুল্লাহকেও বদলি করা হয়।
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আজ সকালেই প্রথম টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌর শাখার সভাপতি ইফতি জামান পল্লবের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং বিভিন্ন ধরনের স্লোগান দেয়। একই সঙ্গে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, অভিযান অব্যাহত রয়েছে।

কাজী মাহমুদ, গোপালগঞ্জ