উঠেছে নতুন ধান, নেই নবান্নের চিরচেনা উৎসব
কালের বিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। একসময় নতুন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে গ্রামে গ্রামে যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ত, এখন তা অনেকটাই কমে গেছে। তবে এ বছর আমনের বাম্পার ফলনে অগ্রহায়ণ মাসের শুরু থেকেই উপজেলার বিভিন্ন গ্রামে নতুন ধান কাটা ও ঘরে তোলার ব্যস্ততা দেখা যাচ্ছে। নতুন চালের পিঠা-পুলি তৈরির আয়োজনেও ফিরেছে কিছুটা উৎসবের আমেজ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর, কায়েতপাড়া, মুড়াপাড়া, ভুলতা, গোলাকান্দাইল, কাঞ্চন, দাউদপুর ও ভোলাবো ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, আগের তুলনায় আমন ধানের আবাদি জমি অনেক কমে গেছে। আবাসন প্রকল্প ও শিল্পকারখানা গড়ে ওঠায় হারিয়ে গেছে অনেক ফসলি জমি। তবে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কিছু পতিত জমিতে এবার আমন ধানের চাষ হয়েছে। পাশাপাশি দাউদপুর ও ভোলাবো এলাকায়ও ভালো ফলন হয়েছে। এসব এলাকায় কৃষকেরা নতুন ধান কেটে ঘরে তুলছেন। কোথাও কোথাও নতুন চালের পিঠা-পুলির ঘ্রাণে মুখর হয়ে উঠছে বাড়ির উঠান।
একসময় অগ্রহায়ণ মাস এলেই গ্রামবাংলার ঘরে ঘরে শুরু হতো নবান্নের আয়োজন। নতুন ধান ঘরে তোলার পর তৈরি হতো পায়েস, ক্ষীর, ভাপা পিঠা, চিতই পিঠাসহ নানা ধরনের খাবার। আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের দাওয়াত দিয়ে খাওয়ানো হতো। কোথাও বসত গ্রামীণ মেলা, কোথাও চলত জারি-সারি গান ও লাঠিখেলা। সব মিলিয়ে নতুন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠত পুরো গ্রাম।
পূর্বাচলের প্রবীণ কৃষক জাহাঙ্গীর মিলকী সেই দিনের স্মৃতিচারণ করে বলেন, একসময় অগ্রহায়ণ মাসে নতুন ধান ঘরে তোলার পর বাড়িতে বাড়িতে পায়েস, ক্ষীর, ভাপা ও চিতই পিঠা তৈরির ধুম পড়ে যেত। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত করে খাওয়ানো হতো। গ্রামের মেলা, জারি-সারি গান ও লাঠিখেলায় মুখর থাকত পুরো এলাকা। কিন্তু এখন নতুন ধান ঘরে উঠলেও আগের মতো উৎসবের পরিবেশ আর দেখা যায় না।
কায়েতপাড়ার বাসিন্দা আব্দুল আসাদ গাজী বলেন, ছোটবেলায় নবান্ন এলে ঈদের মতো আনন্দ হতো। নতুন চালের ঘ্রাণে পুরো গ্রাম ম-ম করত। এখন অনেক জমি ভরাট হয়ে যাচ্ছে, মানুষও শহরমুখী হচ্ছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নবান্ন উৎসব কী, তা বইয়ে পড়েই জানছে।
শুধু ফসলি জমি কমে যাওয়া নয়, আধুনিক প্রযুক্তির ব্যবহারেও বদলে গেছে নবান্নের চিরচেনা আয়োজন। একসময় ধান ভাঙানো ও চাল তৈরিতে গ্রামের নারীরা দল বেঁধে ঢেঁকিতে ধান ভানতেন। সেই সময় চলত নানা ধরনের গান ও গল্প। এখন মেশিনেই ধান থেকে চাল তৈরি হচ্ছে। ফলে ঢেঁকির শব্দ আর নারীদের সম্মিলিত কণ্ঠের গান গ্রামবাংলা থেকে প্রায় হারিয়ে গেছে।
রূপগঞ্জের স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সাহিত্যিক মাহবুব আলম বলেন, নবান্ন শুধু নতুন ধান ঘরে তোলার উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে জড়িয়ে আছে। এই ঐতিহ্য ধরে রাখতে না পারলে নতুন প্রজন্ম নিজস্ব সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
মুড়াপাড়ার বাসিন্দা গোলাম ফারুক খোকন বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবান্ন উৎসবের আয়োজন করা হলে নতুন প্রজন্মও এ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারবে।
সিটি মার্কেট এলাকার গৃহবধূ নাজমা বেগম বলেন, বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে দেখেছেন, পরিবারের সদস্যরা ধান চাষ করেন। নতুন ধান ঘরে তোলার সময় একদিকে থাকত কৃষিকাজের ব্যস্ততা, অন্যদিকে নতুন চাল দিয়ে বাহারি পিঠা তৈরির আয়োজন। পুরো বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করত। কিন্তু এখন আর আগের মতো সেই আয়োজন ও আনন্দ দেখা যায় না।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)