সাংবাদিকদের অধিকার ও পেশাগত নৈতিকতা জানতে হবে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
একটি খবর। কয়েকটি বাক্য। একটি শিরোনাম। পাঠকের কাছে হয়তো কয়েক মিনিটের পাঠ, কিন্তু এই কয়েকটি বাক্যের পেছনে থাকে একজন সাংবাদিকের অনুসন্ধান, তথ্য যাচাই, সত্য-মিথ্যা বিশ্লেষণ এবং দায়িত্বশীলতার পরীক্ষা। একটি ভুল তথ্য যেমন মুহূর্তে বিভ্রান্ত করতে পারে হাজারও মানুষকে, তেমনি একটি বস্তুনিষ্ঠ সংবাদ হয়ে উঠতে পারে সমাজের সত্য জানার নির্ভরযোগ্য মাধ্যম।
সাংবাদিকতার এই চিরন্তন সত্যকে সামনে রেখে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সেমিনার ও কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এতে অংশগ্রহণ করেন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের ৮০ সদস্য। যেখানে এসব বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে।
এ সময় ঢাকা সাব এডিটস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।
সেমিনারের মূল আলোচনায় সংবাদ প্রকাশের তাড়নায় সত্য যাচাইয়ের দায়িত্ব যেন হারিয়ে না যায় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বলা হয়, একটি সংবাদের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের জীবন, সম্মান, অধিকার এবং সমাজের প্রতি গণমাধ্যমের দায়বদ্ধতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি তার আলোচনায় সাংবাদিকতার নৈতিক ভিত্তি, পেশাগত আচরণবিধি এবং গণমাধ্যম-সম্পর্কিত আইন ও বিধিবিধান প্রতিপালনের গুরুত্বারোপ করেন।
বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বিভিন্ন আইনে গণমাধ্যমকর্মীদের অধিকার তুলে ধরে বলেন, সাংবাদিকদের অধিকার সম্পর্কে জানতে হবে। তবেই বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ সংগ্রহ সহজ হবে এবং প্রতিষ্ঠানে তারা তাদের কার্যকর অবস্থান ধরে রাখতে পারবেন।
সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ, সদস্য মো. মহিউল ইসলাম এবং কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর।
বক্তারা দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতা এড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব রোধের কথা তুলে ধরেন। অসম্পূর্ণ তথ্য আর ক্লিকের আকর্ষণে কখনো কখনো মূল তথ্য আড়ালে পড়ে যায় উল্লেখ করে তারা সততা ও নৈতিকতার দিকটি বজার রাখার আহ্বান জানান। তারা বলেন, একটি সংবাদ তৈরির পেছনে প্রতিবেদকের পাশাপাশি সাব-এডিটরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেদকের সংগ্রহ করা তথ্যকে পাঠযোগ্য, নির্ভুল ও অর্থবহ করে তোলার দায়িত্ব থাকে সম্পাদনা বিভাগের ওপর। একটি শব্দের ভুল প্রয়োগ, বিভ্রান্তিকর শিরোনাম কিংবা যাচাইবিহীন তথ্য পুরো সংবাদের অর্থ বদলে দিতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক