এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণী নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন- রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তারা দুজনই ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার বাসিন্দা। রাফির বাবার নাম মনজুরুল আলম বাবু এবং জ্যোতির বাবার নাম জাহাঙ্গীর আলম।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম বলেন, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশে যাওয়ার পথে মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
মুহাম্মদ সফিকুল ইসলাম আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ