খুলনায় মাথায় গুলি করে যুবককে হত্যা
খুলনার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানে ঢুকে মাথায় গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত যুবক তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুক্তা রায় চৌধুরী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় গফফারের চায়ের দোকানের ভেতরে অবস্থান করছিলেন তরিকুল ইসলাম। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কারা ও কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে–তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান মুঠোফোনে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা