কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা
ঢাকা জেলার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্বশত্রুতার জের ধরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ রাজধানীর রায়েরবাজারভিত্তিক ‘এলেক্স গ্রুপ’র সদস্য এবং ভোলা জেলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় থাকতেন।
স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, দুপুরে বসিলা ব্রিজ সংলগ্ন আরশিনগর এলাকার একটি সেলুনের সামনে চুল কাটানোর জন্য দাঁড়িয়ে ছিলেন ফরহাদ। এ সময় সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব, আরমানসহ কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনার পর এলাকাবাসী ও নিহতের বন্ধুরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুস বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে হামলাকারীরা রায়েরবাজার এলাকার বাসিন্দা। পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মাসুদ রানা, ঢাকা (কেরানীগঞ্জ)