নারায়ণগঞ্জে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, গ্রেপ্তার ৫
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে তৃতীয় দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় পোশাক শ্রমিকরা পুনরায় জড়ো হয়ে আন্দোলন ও সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় বড় পাঁচটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বুধবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও পরবর্তীতে কাজ ছেড়ে সড়কে নেমে অবরোধের চেষ্টা চালান। বিশেষ করে কাঠেরপুল এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে সড়ক অবরোধের চেষ্টা করলে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা পুলিশ কঠোর ভূমিকা পালন করে। সড়ক সচল রাখতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এর ফলে শ্রমিকরা দীর্ঘক্ষণ সড়কে অবস্থান নিতে পারেননি।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই কঠোর অবস্থানে রয়েছে। শ্রমিকরা যাতে সড়কে নেমে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, সেজন্য কোথাও তাদের জমায়েত হতে দেওয়া হয়নি। এ ঘটনায় বিশৃঙ্খলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)