সাজেকে অবরোধ এক দিনের জন্য শিথিল
দীঘিনালা সাজেক সড়কে ‘সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি’ ও ‘কারবারি অ্যাসোসিয়েশনে’র ডাকে আহূত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ এক দিনের জন্য শিথিল করা হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সাজেকে খাদ্য সংকট ও উৎপাদিত ফল-ফসল বাজারজাত করণের সুবিধার্থে এ ঘোষণা দেন।
লাইভে এসে বাবুধন চাকমা বলেন, আগামী ১ নভেম্বর (রোববার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ শিথিল করা হলো। পরের দিন থেকে আবারও অনির্দিস্টকালের অবরোধ চলবে। তবে মাসব্যাপী কঠিন চীবর দান উপলক্ষে যে বিহারে কঠিন চীবরদান হবে সে বিহার ও আশপাশ এলাকায় অবরোধ শিথিল থাকবে।
লাইভে এসে বাবুধন চাকমা দুই সংগঠনের সঙ্গে আলোচনা সাপেক্ষে গাড়িতে বুদ্ধ পাতাকা টানিয়ে শুধু ধর্মীয় অনুষ্ঠানে পুণ্যার্থী ও দায়ক-দায়িকাদের অবরোধে চলাচলের অনুমতি দেওয়ার কথাও জানান।
এদিকে পার্বত্য যানবাহন মালিক সমিতির সভাপতি আয়ুশ চাকমা সাংবাদিকদের জানান, সাজেক সড়কে অবরোধের কারণে তাদের প্রতিদিন ২৫ লাখ টাকার ক্ষতি হচ্ছে এবং সহস্রাধিক শ্রমিক কর্মচারী বেকার হয়ে পড়েছে।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি