গাজীপুরে সড়কে ঝরল পোশাক শ্রমিকের প্রাণ
গাজীপুরের শ্রীপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে টমটমের সংঘর্ষে ফয়সাল শেখ (২৭) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
আজ সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের সিমলাপাড়া এলাকায় কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর টমটমটি নিয়ে চালক পালিয়ে যান।
নিহত ফয়সাল শেখ নড়াইল সদর উপজেলার দক্ষিণ বাগডাঙ্গা এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। তিনি পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকা উপজেলার গ্রিন টেক্সটাইল লিমিটেডের উৎপাদন বিভাগে সিনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি মাওনা চৌরাস্তার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। অটোরিকশাটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ চকপাড়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)