ভ্যান ছিনতাইয়ের অভিযোগে আটক ব্যক্তিকে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু
নওগাঁর বদলগাছীতে ভ্যান ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে শনাক্ত করে থানায় নেওয়ার পথে গণপিটুনির শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার পাহাড়পুর বাজার থেকে বদলগাছী থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন রোববার (১ নভেম্বর) সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি।
নিহত হায়দার আলীর (৫০) বাড়ি জয়পুরহাটের ভাতশা ইউনিয়নের দেওনাহার গ্রামে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর দুপুরে বদলগাছীর বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের ভ্যানচালক সৌমিককে ৩০০ টাকা ভাড়ায় বদলগাছী নতুন ব্রিজ থেকে আক্কেলপুরে নিয়ে যান হায়দার আলীসহ কয়েকজন। সেখানে কৌশলে সৌমিককে খাবার খাওয়ানোর পর তিনি ঘুমিয়ে পড়লে তার চার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যান তারা। এ ঘটনায় সৌমিকের পরিবারের সদস্যরা আক্কেলপুর মোড়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ফুটেজে থাকা সন্দেহভাজন ব্যক্তিদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শনিবার ভ্যানের সন্ধানে সৌমিকের পরিবারের সদস্যরা বদলগাছী থানায় যান। সেখানে ফুটেজ দেখে পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকা থেকে থানায় আসা কয়েকজন ব্যক্তি হায়দার আলীকে শনাক্ত করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সৌমিকের পরিবারের সদস্যরা পাহাড়পুর বাজার থেকে তাকে আটক করে ভ্যানে করে থানায় নিয়ে যাচ্ছিলেন।
থানা মোড়ে পৌঁছালে হায়দার আলী ভ্যান থেকে লাফ দিয়ে হাটের ভেতর পালানোর চেষ্টা করেন। এ সময় সৌমিকের বাবা সামছদ্দিন ‘চোর পালাচ্ছে’ বলে চিৎকার দিলে বাজারে উপস্থিত লোকজন তাকে মারধর শুরু করেন। পরে মাইক্রোস্ট্যান্ডের একটি চৌকিতে বসানোর পরও তাকে মারধর করা হয়। গুরুতর আহত হয়ে পড়লে তাকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার রাত প্রায় ১০টার দিকে ভর্তি হওয়া হায়দার আলী পরদিন সকালে মারা যান।
সৌমিকের বাবা সামছুদ্দিন ও মা শিল্পী এবং সৌমিক বলেন, সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার পর পাহাড়পুর বাজার থেকে তাকে ধরে থানায় নেওয়ার সময় তিনি পালানোর চেষ্টা করেন। সামছুদ্দিন বলেন, ‘চোর পালাচ্ছে’ বলে চিৎকার দিলে হাটের লোকজন তাকে মারধর করেন। তারা নিজেরা মারধর করেননি বলেও দাবি করেন তিনি। পরে থানা-পুলিশ এবং যুবদল নেতা মুমিনুল ইসলাম মুন্না, আকরাম ও রাইহানের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী বদলগাছী মাইক্রোস্ট্যান্ডের চালক সাদ্দাম হোসেন বলেন, হাটবার হওয়ায় বাজারে অনেক লোক ছিলেন। হায়দার আলীকে চোর হিসেবে শনাক্ত করার পর উপস্থিত লোকজন তাকে মারধর করেন। পরিচিত কাউকে মারধর করতে দেখেননি তিনি।
বদলগাছী বালুভরা যুবদলের নেতা আকরাম ও রাইহান বলেন, শনিবার থানার পাশের কমিউনিটি সেন্টারে তাদের কর্মিসভা চলছিল। মারধরের খবর পেয়ে তারা কয়েকজনকে সঙ্গে নিয়ে মাইক্রোস্ট্যান্ডে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে থানা-পুলিশের সহযোগিতায় আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাজমুল হক বলেন, শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় হায়দার আলীকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
আক্কেলপুর থানার পরিদর্শক মেহেদী মাসুদ বলেন, ভ্যান ছিনতাইয়ের ঘটনায় সৌমিকের পরিবার থানায় জিডি করেছিল। সিসিটিভি ফুটেজ দেখে হায়দার আলীকে শনাক্ত করার পর থানায় নেওয়ার সময় তিনি পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা তাকে মারধর করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বদলগাছী থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, চিকিৎসাধীন অবস্থায় হায়দার আলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, নিহতের ভাতিজা পুলিশ সদস্য সবুজ হোসেন দাবি করেন, তার চাচা আগে কখনো চুরি বা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি ভবঘুরে প্রকৃতির মানুষ ছিলেন এবং তার কোনো পরিবার নেই বলেও দাবি করেন সবুজ। তার অভিযোগ, হায়দার আলীকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। বর্তমানে তার মরদেহ জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর এ ঘটনায় বদলগাছী থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)