সিরাজগঞ্জে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় অটোভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোভ্যানচালক হুমায়ুন কবির উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। নিহত অপরজন ভ্যানযাত্রী সুজন সরদার একই ইউনিয়নের হেমন্তবাড়ি গ্রামের মিন্টু সরদারের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ঢাকা-নগরবাড়ি মহাসড়কের বালসাবাড়ি-কাঁঠালতলা এলাকায় পাবনাগামী যাত্রাবাহী বাসের চাপায় অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়। একে ঘটনাস্থলেই ভ্যানচালক হুমায়ুন কবিরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুজন সরদারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই ভ্যানযাত্রী আহত হয়ে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনার খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক বাসটির সন্ধান পাওয়া যায়নি।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ