পোশাক শিল্পের সংকট মোকাবিলায় বৈঠক করলেন প্রধানমন্ত্রী
দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পরিবহন শ্রমিক নেতা সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস বৈঠকে অংশ নেন।।
আজ রোববার ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা ও গাজীপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এতে যান চলাচল ব্যাহত হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরও করা হয়।
দাবি আদায়ে শ্রমিকরা রাস্তায় নামলে রাজধানীর মিরপুর এলাকায় পুলিশ ও তৈরি পোশাকশ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে চার থেকে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

এনটিভি অনলাইন ডেস্ক