গাজীপুরে শ্রমিক আন্দোলন : পোশাক কারখানার গোডাউনে আগুন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন ষষ্ঠ দিনে সহিংস রূপ নিয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল গার্মেন্টস লিমিটেডের কেমিক্যালের গোডাউনে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানপাট ও কারখানার ক্যান্টিনে। দিনভর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকেই শ্রমিকেরা কাজ বন্ধ রেখে রাজপথে নামেন। সকাল ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল গার্মেন্টস লিমিটেডের মূল ফটকে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। পরে তারা কারখানাটির কেমিক্যালের গোডাউনে আগুন দেন। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানপাট ও কারখানার ক্যান্টিনে ছড়িয়ে পড়ে। দুপুর পৌনে দুটা পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়। তবে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারছিল না বলে জানা গেছে।
আন্দোলন ও সহিংসতার প্রভাবে গাজীপুরের শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এলাকার শিল্পকারখানা, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রী, চালক ও সাধারণ পথচারীরা ভোগান্তিতে পড়েছেন।
আন্দোলনরত শ্রমিকেরা বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়ক ও শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের ডিউটি ম্যান আরিফ সিকদার বলেন, ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

নাসির আহমেদ, গাজীপুর
বি এম সাঈদ, গাজীপুর (কালিয়াকৈর)