Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৩০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৩, ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৩০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৩, ১২ নভেম্বর ২০২৬
আরও খবর
ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে
পাকা বাড়ি পেলেন চুয়াডাঙ্গার শতবর্ষী আব্দুল বারী
নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন
আইডিয়াল স্কুলের ২১৪ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান 
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত

সরকারি প্রণোদনা, কর ছাড় ও নীতিসহায়তায় বাড়ছে সৌরবিদ্যুতে আগ্রহ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৩০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৩, ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৩০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৩৩, ১২ নভেম্বর ২০২৬

সরকারি প্রণোদনা, সৌর সরঞ্জাম আমদানিতে কর ও শুল্ক ছাড় এবং নীতিগত নানা উদ্যোগের ফলে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনে উৎসাহিত করার পাশাপাশি জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগও রাখা হয়েছে।

এসব উদ্যোগের মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যয় কমানো এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এতে বাংলাদেশে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার দিন দিন বাড়ছে।

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের প্রকৌশলী মো. আখতারুজ্জামান নিজের প্রতিষ্ঠান ‘সালেহা অয়েল মিল’-এর বিদ্যুৎ চাহিদা মেটাতে ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করেছেন।

২০২৩ সালের ডিসেম্বরে উৎপাদন শুরু করা তার সৌরবিদ্যুৎ ব্যবস্থায় রয়েছে ৯টি প্যানেল, যার মোট উৎপাদনক্ষমতা ৫.২৩ কিলোওয়াট। এটি স্থাপনে তার ব্যয় হয়েছে ১ লাখ ৮৪ হাজার টাকা। উৎপাদিত বিদ্যুতের একটি অংশ তিনি নিজ প্রতিষ্ঠানে ব্যবহার করেন। উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করেন।

আখতারুজ্জামান বলেন, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে তিনি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছেন। নিজের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতি মাসে গড়ে ৫৫০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেন। এ থেকে মাসে ৬ থেকে ৭ হাজার টাকা আয় হয়। অর্থায়ন পেলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়ন সুবিধা থাকলেও সাধারণ গ্রাহকদের সরাসরি ঋণ পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। ফলে আগ্রহ থাকলেও অনেকের পক্ষে সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ করা কঠিন হয়ে পড়ে।

নিজ উদ্যোগে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে বিদ্যুৎ বিল কমিয়েছেন নওগাঁর নিয়ামতপুরের চকগোপাল গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন। তবে উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করতে নেট মিটারিংয়ের অনুমতি না পাওয়ায় এ সুবিধা চালু করতে পারছেন না বলে জানান তিনি।

সাব্বির হোসেনের সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ৫৮৫ ওয়াট ক্ষমতার সাতটি প্যানেল রয়েছে। সব মিলিয়ে প্যানেলগুলোর স্থাপিত ক্ষমতা ৪ হাজার ৯৫ ওয়াট বা প্রায় ৪ দশমিক ১ কিলোওয়াট-পিক। পুরো ব্যবস্থাটি স্থাপন করতে তার প্রায় ১ লাখ ৭৩ হাজার টাকা ব্যয় হয়েছে।

সাব্বির হোসেন জানান, বাসাবাড়ির বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি তিনি পানির উত্তোলনের মোটর চালাতেও সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। এ ব্যবস্থা চালুর পর তার বিদ্যুৎ বিল কমেছে। আগে সাধারণ সময়ে বাসাবাড়ির বিদ্যুৎ বিল প্রায় ১ হাজার ৫০০ টাকা আসত। বর্তমানে তা ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে থাকছে।

আখতারুজ্জামান ও সাব্বির হোসেনের মতো অনেকেরই নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটানো, মাসিক বিদ্যুৎ বিল কমানো এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ সৌরবিদ্যুতের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। বিশেষ করে বাসাবাড়ি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং কৃষিকাজে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

একইভাবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদ ও অব্যবহৃত জায়গা কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে জাতীয় গ্রিডের ওপর দিনের বেলার চাহিদার চাপ কমাতে এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন কমাতেও ভূমিকা রাখছে। ফলে ব্যক্তিগত সাশ্রয়ের পাশাপাশি দেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির বৈচিত্র্য আনার ক্ষেত্রেও সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় গ্রিডে এর অবদানও বাড়ছে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে জাতীয় গ্রিডে অন-গ্রিড সৌরবিদ্যুতের অবদান ছিল ১ হাজার ২০ মেগাওয়াট। নভেম্বরের শুরুতে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৩ মেগাওয়াটে।

সৌরবিদ্যুৎ সম্প্রসারণে অর্থায়ন সহজ করতে সরকার প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করবে সরকার। গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা করছে সরকার।

গ্রাহক নিজে সৌরবিদ্যুৎ ব্যবহার করে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে তা প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে ২০৩০ সাল পর্যন্ত কিনবে সরকার। এজন্য বিদ্যুৎ বিভাগ গত ১ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে সৌরবিদ্যুতের নেট মিটারিং সংযোগ পেলে এ সুবিধা পাওয়া যাবে।

নেট মিটারিং ব্যবস্থায় গ্রাহক সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ নিজে ব্যবহার করতে পারেন এবং উদ্বৃত্ত বিদ্যুৎ বিতরণব্যবস্থায় সরবরাহ করতে পারেন। এজন্য অনলাইনে নেট মিটারিং সংযোগের আবেদন করা যায়। এ ব্যবস্থায় গ্রাহকের সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ হিসাব করে বিদ্যুৎ বিল সমন্বয়ের সুযোগ রয়েছে।

সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যয় কমাতে যোগ্য সৌর সরঞ্জাম ও যন্ত্রপাতি আমদানিতে কর ছাড়ের সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্ধারিত সরঞ্জাম আমদানিতে মোট করের হার ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর আগে এসব সরঞ্জামে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ কর দিতে হতো।

কর ছাড়ের ফলে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রাথমিক ব্যয় কমানোর সুযোগ তৈরি হয়েছে। এতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বিনিয়োগ উৎসাহিত হতে পারে। তবে কোন কোন সরঞ্জাম এ সুবিধার আওতাভুক্ত, তা এনবিআরের সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত হবে।

সৌরবিদ্যুতের সম্প্রসারণে গত ১৯ অক্টোবর সরকার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’জারি করেছে। এতে ছাদ, আঙিনা, পরিত্যক্ত জমি, চা বাগান, জলাশয় ও কৃষি-সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় প্রকল্প স্থাপনের সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত শর্তে সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা যাবে।

অধ্যাদেশে ওপেক্স মডেলে অর্থায়ন, নেট মিটারিং, সার্ভিস প্রোভাইডার নির্বাচন এবং প্রকল্প তদারকির বিধান রয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবস্থার চুরি, ভাঙচুর, অবৈধ সংযোগ ও কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে শাস্তির বিধান রাখা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্ভিস প্রোভাইডারদের জেলাভিত্তিক তালিকা সংরক্ষণ করবে। গ্রাহকেরা প্রতিযোগিতামূলক প্রক্রিয়া বা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবেন।

সৌরবিদ্যুতের সম্প্রসারণ ও নীতিগত সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় পলিসি কাউন্সিল গঠনের বিধানও রাখা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা কারিগরি ও সমন্বয় কমিটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটি মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি করবে।

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে মোট বিদ্যুতের ২০ শতাংশ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ হাজার ৪৫০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনক্ষমতা যুক্ত করার পরিকল্পনার কথা খসড়ায় উল্লেখ রয়েছে। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট এবং ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট সক্ষমতা যুক্ত করার লক্ষ্য রয়েছে।

সরকারি সব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, সৌরবিদ্যুৎ স্থাপনসংক্রান্ত সেবা সহজ করতে বিদ্যুৎ বিভাগ ও বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর মাধ্যমে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হয়েছে।

গত ৩ ও ৪ নভেম্বর বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) উদ্যোগে সোলার এক্সপোর আয়োজন করা হয়। এতে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে উন্নয়ন সহযোগীদের সহায়তা কামনা করেন। তিনি বলেন, শুধু বড় প্রকল্পে নয়, স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগেও অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ রয়েছে। সৌরবিদ্যুৎ খাতে প্রবাসী বাংলাদেশিদেরও বিনিয়োগের সহজ সুযোগ রয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রণোদনা, করছাড়, নতুন নীতিগত উদ্যোগ ও সহজ অর্থায়ন কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার আরও বাড়বে। এতে গ্রাহকদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের সুযোগ বাড়ার পাশাপাশি জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের সরবরাহও বাড়ানো সম্ভব হবে।

তারা বলেন, নেট মিটারিং সংযোগের আবেদন, অনুমোদন ও প্রয়োজনীয় শর্ত সম্পর্কে গ্রাহকদের স্পষ্ট নির্দেশনা দিতে হবে। একই সঙ্গে আবেদন প্রক্রিয়া সহজ করা এবং অনুমোদনের অগ্রগতি জানার সুযোগ নিশ্চিত করা জরুরি। দীর্ঘদিনেও নেট মিটারিং সংযোগ না পাওয়ায় অনেক গ্রাহক সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন। এ পরিস্থিতি দূর করতে দ্রুত নেট মিটারিং সংযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

জ্বালানি বিশেষজ্ঞ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর এনার্জি রিসার্চের (সিইআর) পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী সৌর সরঞ্জাম আমদানিতে শুল্ক কমানোসহ সরকারের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এসব উদ্যোগ সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সহায়ক হবে। তবে সাধারণ গ্রাহকদের বড় অংশ স্থানীয় বাজার থেকে সরঞ্জাম কেনেন। ফলে আমদানি শুল্ক কমানোর সুফল তাদের কাছে সরাসরি পৌঁছায় না।

শাহরিয়ার আহমেদ বলেন, সৌরবিদ্যুতের প্রসারে স্থানীয় বাজারে কর ও ভ্যাট কমানো, দুই থেকে পাঁচ বছর মেয়াদি প্রণোদনা এবং সহজ শর্তে অর্থায়ন প্রয়োজন। পাশাপাশি নেট মিটারিংয়ের অনুমোদন প্রক্রিয়া সহজ করতে হবে। এছাড়া সৌরবিদ্যুৎ স্থাপনে প্রাথমিক বিনিয়োগের চাপ কমাতে দীর্ঘমেয়াদি ঋণ ও সহজ কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ নিশ্চিত করা জরুরি।

সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ ও স্থাপনে উৎসাহ দিতে শুল্কছাড় ও অন্যান্য সুবিধা দুই থেকে পাঁচ বছরের জন্য দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে পরামর্শ দেন তিনি।

সৌরবিদ্যুৎ সরকারি প্রণোদনা কর সহায়তা

সংশ্লিষ্ট সংবাদ: সৌরবিদ্যুৎ

১৫ নভেম্বর ২০২৬
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত
০২ নভেম্বর ২০২৬
আগামী গ্রীষ্মে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
২০ অক্টোবর ২০২৬
সৌরবিদ্যুৎ চুরি ও যন্ত্রাংশ নষ্টে শাস্তির বিধান রেখে অধ্যাদেশ জারি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা
  2. শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, দায়িত্ব পেলেন যারা
  3. শীতে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে
  4. ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
  5. পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন
  6. বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x