তাহসিফের মরদেহ উদ্ধারের দুই দিন পর মামলা করলেন বাবা, গ্রেপ্তার দীপ
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির (২৮) মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় মামলাটি করেন।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উত্তরখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, হত্যা করে লাশ নদীতে ফেলে গুম করার অভিযোগে মামলাটি করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ মামলায় দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছ থেকে হেফাজতে নিয়েছে নৌ পুলিশ।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। এরপর রাত ১টা ৩৫ মিনিটে মাকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে জানান, তিনি বাসায় ফিরছেন। তবে এরপর আর বাসায় ফেরেননি।
পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ। প্রাথমিকভাবে অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধার করা হলেও পরে তার সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ।

এনটিভি অনলাইন ডেস্ক