আদালতে দীপ, পাঁচ কারণে চাওয়া হলো রিমান্ড
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার বাবার করা হত্যা মামলায় ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
আজ শনিবার (৩১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দীপকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন পাঁচ কারণ দেখিয়ে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
সাত কারণ হলো:
১. হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য ও মোটিভ (কারণ) উদ্ঘাটন করার জন্য।
২. এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অজ্ঞাতপরিচয় অন্যান্য আসামিদের শনাক্ত ও তাদের গ্রেপ্তার করার জন্য।
৩. হত্যাকাণ্ডে ব্যবহৃত ও মামলার প্রয়োজনীয় অন্যান্য আলামত উদ্ধার করার জন্য।
৪. নিহত সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সৌরির ব্যবহৃত ব্যক্তিগত মোটরসাইকেলটি উদ্ধার করার লক্ষ্যে।
৫. হত্যাকাণ্ডের মূল স্থান বা এটি কোথায় সংঘটিত হয়েছিল, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য।
এর আগে আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।
নথি থেকে জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তার জুনিয়র বন্ধু দীপের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দীপকে দেখা যায়। তারা হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে সেখান থেকে চলে যান।

আদালত প্রতিবেদক