দেবিদ্বারে দু্ই পরিবারের ৩ বসতঘর পুড়ে ছাই
কুমিল্লার দেবিদ্বারে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডে দুই পরিবারের তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দুই পরিবারের।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দেবিদ্বার পৌরসভার ভূষণা গ্রামের সরকার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে আফাজ উদ্দিন সরকারের ছেলে ফারুক সরকারের ঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। টিন ও কাঠের ঘর হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ফারুক সরকারের দুটি বসতঘর সম্পূর্ণ এবং মফিজ উদ্দিন সরকারের ছেলে আল আমিনের একটি ঘর আংশিক পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দুই পরিবারের দাবি, এ ঘটনায় তাদের ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মুরাদনগর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আমজাদ হোসেন বলেন, ‘বৈদ্যুতিক শটসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে আগুন ব্যাপকভাবে ছড়াতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের পুনর্বাসনে সরকারি সহায়তার আশ্বাস দেন।

ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)