তাহসিফ সৌরির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই: নৌপুলিশ
তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে নৌপুলিশ।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা জেলা নৌপুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এসব তথ্য জানান।
আব্দুল্লাহ আল মামুন বলেন, রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে এক সাবেক বিমানবাহিনীর কর্মকর্তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নৌপুলিশের এই কর্মকর্তা জানান, মরদেহের শরীরে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে ওই কর্মকর্তা বলেন, স্বজনদের অভিযোগ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক