২৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১
নওগাঁয় ২৫ হাজার টাকার জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার ২৫টি জাল নোট উদ্ধার করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চকবাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল জব্বার ওই এলাকার রুহুল আমিনের বাসায় ভাড়া থাকতেন। বুধবার রাতেই আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ জানায়, সদর উপজেলার চকবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় রুহুল আমিনের বাসায় এক ব্যক্তি জাল নোট বাজারজাত করার উদ্দেশ্যে অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। এ সময় আব্দুল জব্বারের হেফাজত থেকে উপস্থিত লোকজনের সামনে ওই জাল নোটগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার টাকার ২৫টি জাল নোটসহ আব্দুল জব্বারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ