ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী ওই শিশুকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে গাইনি বিভাগে ভর্তি করা হয়।
এর আগে রোববার সকালে শিশুটির মা বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করেন। এতে আসামি করা হয়েছে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ী গ্রামের মো. ইয়াছিন মিয়াকে (৫০)।
মামলা ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ী গ্রামের বাজারে সয়াবিন তেল আনতে যায় শিশুটি। বাজার থেকে তেল নিয়ে ফেরার পথে একই এলাকার ফার্নিচার দোকানের মালিক মো. ইয়াসিন মিয়া শিশুটির হাত এবং মুখ চেপে ধরে তার দোকানে নিয়ে যায়। দোকানের ভেতর শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারকে সবকিছু খুলে বলে।
শিশুর বাবা জানান, ঘটনার পর থেকে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার জন্য গ্রামের সর্দাররা আশ্বাস দেয়। কিন্তু বিচারে অভিযুক্তকে কেবল ক্ষমা চাইতে বলা হয়। তাই ন্যায় বিচারের আশায় থানায় মামলা করেছি। আমাকে এখন হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, উপজেলার হাতুরবাড়ীতে শিশু ধর্ষণের ঘটনায় শিশুর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত ইয়াসিন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া