রিয়াদের বিমানবন্দরে হুথিদের হামলায় ৩ সৌদি নাগরিক নিহত
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজকে লক্ষ্য করে চালানো দুটি হামলায় তিনজন সৌদি নাগরিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ হামলা চালানো হয়।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আজ শুক্রবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহের শেষের দিকে সৌদি আরব এবং তাদের মিত্র বাহিনী প্রতিবেশী ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এরপর গতকাল সৌদি আরবের বিরুদ্ধে হুথিরা তাদের সবচেয়ে ভায়াবহ এ হামলা চালায়।
সৌদি সরকারের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবারের প্রথম হামলায় বিমানবন্দরের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। দ্বিতীয় হামলায় সৌদিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজে আঘাত হানা হয়। বিবৃতিতে হামলায় দায়ীদের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদের বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে।
সম্প্রতি বিমানবন্দরটি একাধিক হামলার শিকার হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে সেখানে একজন সুদানি নাগরিক নিহত হয়েছেন।
সৌদি কর্তৃপক্ষ পৃথক বিবৃতিতে উল্লেখ করেছে, হুতিদের হামলায় বিভিন্ন দেশের বেশ কয়েকজন নাগরিক ও দেশটির বাসিন্দা আহত হয়েছেন। তারা সামান্য থেকে গুরুতর মাত্রায় আঘাত পেয়েছে। তবে বিমানবন্দরের পরিচালনা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

এনটিভি অনলাইন ডেস্ক