ছাগলে সিমগাছ খাওয়ার জেরে দ্বন্দ্ব, যুবকের ঘুষিতে বৃদ্ধ নিহতের অভিযোগ
নওগাঁর আত্রাইয়ে ছাগলে সিমগাছ খাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কির সময় যুবকের ঘুষিতে ইয়াছিন মণ্ডল (৮০) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আত্রাই উপজেলার মধুগুড়নই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ ইয়াছিন আলীর ছেলে সারোয়ার হোসেন বলেন, আমরা সবাই আহসানগঞ্জ বাজারে ছিলাম। সকাল অনুমান সাড়ে ১০টায় গ্রামের রহিদুল ইসলামের ছেলে মিম হোসেনের (২২) ছাগল আমাদের লাগানো সিমগাছের পাতা খাচ্ছিল। এটাকে কেন্দ্র করে মিম হোসেন এবং আমার বাবার মধ্যে তর্কাতর্কি হচ্ছিল। একপর্যায়ে মিম বাবাকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন বাবাকে উদ্ধার করে আত্রাই উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সারোয়ার হোসেন আরও বলেন, মিম হোসেন আমার বাবার বুকে কিল-ঘুষি মারায় মারা গেছেন। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, খবর পেয়ে দুপুরে বৃদ্ধর মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ বিকেলে নিহত বৃদ্ধ ইয়াছিন আলীর ছেলে সারোয়ার হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। আসামিকে ধরতে অভিযান চলছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ