২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
নওগাঁয় ২৪৫ কেজির কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ পাচারকালে মোস্তফা আলী (৩৪) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য দুই কোটি ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আজ বুধবার (২৮ অক্টোবর) নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিসহ মোস্তফা আলীকে আটক করে বিজিবি।
আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবির (নওগাঁ ব্যাটালিয়ন) মিডিয়া সেলের গ্রুপে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এ তথ্য জানান।
আটক মোস্তফা আলী সদর উপজেলার চক রাজবল্লভ গ্রামের গহির উদ্দিন প্রামানিকের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ পাচারের উদ্দেশে মোস্তফা আলী নামে একজন তার কাছে রেখেছেন। এমন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স গঠন করে নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে গোলাম মোস্তফার কাছ থেকে ২৪৫ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৪৫ লাখ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিবলিঙ্গটি আসামিসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান এবং মাদক পাচারের বিরুদ্ধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

আসাদুর রহমান জয়, নওগাঁ