ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে চলে ভোটগ্রহণ। এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোটা গণনা।
একটি পৌরসভা তিনটি উপজেলা ও ২২টি ইউনিয়নে এই আসনটিতে ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৬ হাজার ১৩৮ জন। আসনটিতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে বেশিরভাগ ভোটকক্ষে পাঁচ প্রার্থীর এজেন্ট ছিল না। কোথাও একজন কোথাও বা দুজন।
প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। নিরাপত্তার দায়িত্বে ২১ প্লাটুন বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ২৫১ সদস্য, দুই হাজার ২৭২ জন পুলিশ এবং আনসার বাহিনীর দুই হাজার ৪৬৫ সদস্য ছিলেন। পাশাপাশি দায়িত্ব পালন করেছেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও