রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম
সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের বিশেষ চালান।
আজ শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে ইউরেনিয়াম বহনকারী বহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে। সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে জ্বালানিবাহী তিনটি লরি রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
এর আগে গতকাল শুক্রবার (২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে রাশিয়া থেকে একটি বিশেষ কার্গো বিমানে করে এ জ্বালানি (ইউরেনিয়াম) বাংলাদেশে আনা হয়।
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা রয়েছে। দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর সমন্বয়ে গঠিত এ কেন্দ্রের দুই ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দেশের মোট চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করবে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা