৮-৯ মাস জলাবদ্ধতায় ডুবে থাকে বিদ্যালয়, ভোগান্তিতে শিক্ষার্থীরা
সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের ৯৪ নম্বর মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বছরের প্রায় ৮ থেকে ৯ মাস জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে। বিদ্যালয় প্রাঙ্গণ ও চারপাশ পচা, দুর্গন্ধযুক্ত পানিতে তলিয়ে থাকায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
মাঠজুড়ে পানি জমে থাকায় কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। যাতায়াতের সময় পিছলে পড়ে গিয়ে প্রায়ই জামাকাপড় নোংরা হওয়া ও বই-খাতা ভিজে নষ্ট হওয়ার ঘটনা ঘটছে। এমনকি শৌচাগারে যাওয়ার পথও পানিতে তলিয়ে থাকায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের রাস্তার অপর পাশে যেতে হচ্ছে বলে জানিয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নওরীন জাহান মিম ও মেহেদী হাসান।
দীর্ঘদিনের জমা পানি ও স্যাঁতসেঁতে পরিবেশের কারণে মশা-মাছির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে ডেঙ্গুসহ নানাবিধ সংক্রামক ব্যাধির ঝুঁকি তৈরি হওয়ায় অনেক শিক্ষার্থী জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হচ্ছে। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং অভিভাবকরাও সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আবদুল আহাদ ও পরিচালনা কমিটির সদস্যরা দীর্ঘদিনের এই দুর্ভোগের স্থায়ী সমাধানের জোর দাবি জানিয়েছেন। প্রধান শিক্ষক বলেন, প্রতিকার চেয়ে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও পূর্ববর্তী পরিদর্শনের মাধ্যমে বিষয়টি সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে। বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজটি প্রশাসনিক প্রকল্পে তালিকাভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করা হবে।

আনিছুর রহমান, সাতক্ষীরা (সদর-কলারোয়া-তালা-ভোমরা স্থলবন্দর)