ভবনের পাইলিংয়ের সময় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ৭তলা ভবনের পাইলিংয়ের কাজ করতে গিয়ে শান্ত মিয়া (১৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই শ্রমিক আহত হন।
আজ শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টায় পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের গোধূলি সিটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শান্ত মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। আহতরা হলেন একই এলাকার মৃত আব্দুল হাই মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫) ও আবুল মিয়ার ছেলে মিন্টু মিয়া (২০)।
স্থানীয়রা জানায়, প্রায় ২০ দিন ধরে গোধূলি সিটি এলাকায় আরিফুল ইসলাম সেন্টু নামে এক ব্যক্তির ৭তলা ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। বেশ কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিল। আজ শুক্রবার সকালে কাজ করার সময় পাইলিংয়ের জন্য ৭০ ফুট লম্বা লোহার খাঁচা গর্তে ঢোকানোর সময় ক্রেনের হুক ছিঁড়ে যায়। এ সময় লম্বা খাঁচাটি পার্শ্ববর্তী বিদ্যুতের এইচটি লাইনে গিয়ে পড়লে খাঁচাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে তিন শ্রমিক বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। পরে মালিকপক্ষের লোকজন ও অন্য শ্রমিকরা স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা জুঁই আহত দুই শ্রমিক সোহেল মিয়া ও মিন্টু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন এবং শান্ত মিয়াকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী হাসান মিয়া বলেন, আমি সকালে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় পাইলিং দেখতে দাঁড়াই। এ সময় লম্বা লোহার খাঁচাটি ক্রেন ও শ্রমিকদের সহায়তায় গর্তে ফেলতে গেলে বিদ্যুতের এইচটি লাইনে গিয়ে পড়ে। এ সময় বিদ্যুৎস্পর্শে তিন জন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শান্ত মিয়াকে মৃত ঘোষণা করা হয় এবং বাকি দুজনকে কিশোরগঞ্জ হাসপাতালে রেফার করা হয়।
ভবনের মালিক আরিফুল ইসলাম সেন্টু বলেন, শ্রমিকরা কাজ করার সময় ক্রেনের হুক ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। যথাসাধ্য সবকিছু মেনে সতর্কতার সঙ্গেই শ্রমিকরা কাজ করছিল। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাম্য নয়।
বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শান্ত মিয়া নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। হাসপাতাল থেকে মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। নিহত শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোস্তাফিজ আমিন, ভৈরব