মেঘনা থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে বাল্কহেড চালককে ২ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে ইজারা ও অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক বাল্কহেড চালককে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকার মেঘনা নদী তীরবর্তী নবাব ব্রিকফিল্ড সংলগ্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সুমন মিয়া (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বৈশ্বর গ্রামের জিন্নত আলীর ছেলে এবং অভিযুক্ত বাল্কহেডের চালক। অপরাধ স্বীকার করায় তাকে ঘটনাস্থলেই নগদ দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানের বিস্তারিত নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১২টার দিকে ছাতিয়ানতলা গ্রামের মেঘনা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এক্সকেভেটর (ড্রেজার) দিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে অপরাধ শনাক্ত হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পন্টুন, একটি বাল্কহেড ও দুটি এক্সকেভেটর জব্দ করা হয়।
এ এইচ এম আজিমুল হক আরও জানান, আটক করা চালক সুনির্দিষ্ট প্রশাসনিক অনুমতি ছাড়া মাটি উত্তোলনের বিষয়টি স্বীকার করায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ (১) ধারায় তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে। জব্দ করা মালামাল ও সরঞ্জামাদি পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় নৌপুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

মোস্তাফিজ আমিন, ভৈরব