ভারতে পাচারকালে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ আটক ১
ভারতে পাচারের সময় যশোরের শার্শার বাগাআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ২৬ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রিপন হোসেন (৪১) নামের এক পাচারকারীকে আটক করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বাগাআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রিপন শার্শা উপজেলার বসতপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ রুদ্রপুর ক্যাম্পের একটি দল বাজারে অভিযান চালিয়ে রিপন হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এছাড়া তার সঙ্গে থাকা দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, জব্দ করা স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

মহসিন মিলন, বেনাপোল