নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩
নোয়াখালীর নয়টি উপজেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬৩ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে দুজনকে পূর্বের মামলায় এবং ৯ জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। এর আগে মঙ্গলবার দিনব্যাপী জেলাজুড়ে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় নিয়মিত এ অভিযান চালানো হচ্ছে।
থানাভিত্তিক তথ্যানুযায়ী, সুধারাম মডেল থানায় ২৮ জনকে আটক করে চারজনকে ৩৪ ধারায় গ্রেপ্তার এবং ২৪ জনকে মুচলেকা দিয়ে জিম্মায় ছাড়া হয়। কোম্পানীগঞ্জ থানায় ৩ জন, বেগমগঞ্জ মডেল থানায় ৩৭ জন, সেনবাগ থানায় ৯ জন, চরজব্বর থানায় ৭ জন, সোনাইমুড়ী থানায় ৫ জন এবং কবিরহাট থানায় ৫ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া হাতিয়া থানায় আটক ৬৯ জনের মধ্যে দুজনকে আগের মামলায়, পাঁচজনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বাকি ৬২ জনকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা বন্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সঠিক পথে রাখতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী