আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দিনব্যাপী উপজেলার ৩০০ ফুট সড়ক, ঢাকা বাইপাস সড়কসহ ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ মহড়া চলে।
হাজারো নেতাকর্মী নিয়ে এ মহড়ায় নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আলী আহমদ। এ সময় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম, জেলা নেতা রিপন, জসিম উদ্দিন, বাদশা, মমিন উদ্দিন, আয়নাল, গোলাম মোহাম্মদ, শফিক ও ইয়াছিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মহড়া চলাকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় আমরা রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই মোটরসাইকেল মহড়া করছি।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)