শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই
কবি ও শিশুসাহিত্যিক আখতার হুসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর।
অনেক দিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত শুক্রবার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন বলে জানিয়েছেন ছেলে প্রমিত হুসেন।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে আখতার হুসেনের কফিন রাখা হবে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে সিরাজগঞ্জে, সেখানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।
আখতার হুসেন ছয় দশকের বেশি সময় ধরে শিশু-কিশোরদের জন্য লিখেছেন। ছড়া ও শিশুতোষ মৌলিক গ্রন্থ, জীবনী, অনুবাদ, সম্পাদিত গ্রন্থসহ তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে- ‘সমুদ্র অনেক বড়’, ‘রামধনুকের সাঁকো’, ‘উল্টোপাল্টা’, ‘হালচাল’, ‘আমার দুটো ডানা’, ‘ও হাওয়া ও হাওয়া’, ‘পাজি বেড়ালের শাস্তি’, ‘ফ্রিডম ফাইটার’, ‘কর্ণকুসুম ও কালোপাখার প্রজাপতি’, ‘খেলাঘরের পুতুলগুলো’ ‘ছোটদের চারণ কবি মুকুন্দদাস’ ইত্যাদি।
সাহিত্যে অবদান রাখায় আখতার হুসেন ‘বাংলা একাডেমি পুরস্কার’, ‘অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার’, ‘আলাওল সাহিত্য পুরস্কার’, ‘ভাষাশহীদ আবদুল জব্বার স্মৃতি পদক’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রদত্ত ‘মুক্তিযোদ্ধা কলম সৈনিক সম্মাননা স্মারক’, ‘মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কার’, ‘এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার’, ‘বজলুর রহমান স্মৃতিপদক’সহ আরও অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি বাংলা একাডেমির ফেলো ছিলেন।

নিজস্ব প্রতিবেদক