খুলনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি, একদিনে ৩ মৃত্যু
খুলনায় ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটে চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই শতাধিক নতুন রোগী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মোশাররফ হোসেন।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় খুলনা সিটি করপোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় নগরীর ২২, ২৩, ২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র শিশু ও তাদের পরিবারের মধ্যে ৬৫০টি মশারি বিতরণ করেছেন।
মশারি বিতরণ কর্মসূচিতে ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা ফ্রান্সিস সামুয়েল সোম, খ্রিষ্টিনা রাখি বিশ্বাস ও লিজা হালদার উপস্থিত ছিলেন।
পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সিটি করপোরেশনসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে নগরীজুড়ে বড় বড় বিলবোর্ড ও প্যানা টাঙিয়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে ডেঙ্গু রোগীদের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৫০ শয্যার একটি ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে। এই নতুন ওয়ার্ডটি পরিচালনার সার্বিক ব্যয়ভার বহন করবে খুলনা সিটি করপোরেশন।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা