বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারী নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও একটি কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে বাসচাপায় আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকাগামী ওয়েলকাম পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি অজ্ঞাত কনটেইনারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারানো বাসচাপায় পথচারী আকরাম বিশ্বাস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যানজট সৃষ্টি হলেও বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

কাজী মাহমুদ, গোপালগঞ্জ